ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠকে রাজনৈতিক সহাবস্থান, জাতীয় ঐক্য, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতে চায় সরকার।আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমীন।

তিনি বলেন, এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বৈঠকে এনসিপি নেতারা নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন।

মাহাদী আমীন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা রয়েছে, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও সমান অধিকার নিশ্চিত হবে। আজকের আলোচনায় সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।

বৈঠকে এনসিপির পক্ষে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ এবং বিভিন্ন মত ও পথের মানুষ এক হয়েছিল। তখন কারও রাজনৈতিক আদর্শ বিবেচনায় নেওয়া হয়নি। মানবাধিকার, আইনের শাসন, বাক্‌স্বাধীনতা এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই সবাই ঐক্যবদ্ধ হয়েছিল।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই। আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠার আন্দোলন। দেশকে এগিয়ে নিতে হলে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতিফলন ঘটাতে হবে। বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মাহাদী আমীন আরও বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন। বিশেষ করে আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলোতে সবাইকে একমত হতে হবে।

দেশে পতিত স্বৈরাচারের অপশক্তি এখনো রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করেও যেন তারা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মাহাদী আমীন বলেন, মতবিনিময়ের ক্ষেত্রে শর্ত দেওয়ার মতো কোনো বিষয় ছিল না। এনসিপি প্রতিনিধিদল তাদের বক্তব্য তুলে ধরেছে, প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন।

তিনি বলেন, নতুন করে ঐক্য প্রতিষ্ঠার কিছু নেই। জুলাই গণঅভ্যুত্থানের সময়ই দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐক্যের ভিত্তিতে স্বাধীন, সার্বভৌম ও তাবেদারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে রাষ্ট্রের সব ক্ষমতার মালিক হবে জনগণ। প্রতিষ্ঠিত ঐক্যকে আরও সুসংহত করাই সরকারের লক্ষ্য।

রাষ্ট্র সংস্কার কার্যক্রমের বিষয়ে মাহাদী আমীন বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও জানিয়েছেন, বিএনপি সরকার নির্বাচনি ইশতেহার এবং জাতীয় জুলাই সনদে স্বাক্ষরের সময় যেসব অঙ্গীকার করেছে, তা শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতির সুযোগ নেই।

তিনি আরও বলেন, সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছে। সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক প্রায় শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এ প্রক্রিয়া বাস্তবায়ন করবে।