অনলাইন ডেস্ক, ২৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন সেন্টারে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেছেন দেশটিতে অবস্থানরত আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। তাদের এই সীমান্ত পরিদর্শনের উদ্দেশ্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পথ খতিয়ে দেখতেই তারা সেখানে গিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার দুপুরে একটি সাদা গাড়িতে করে উত্তর ২৪ পরগনার বনগাঁয় পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে যান আওয়ামী লীগের চার নেতা। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন।
ওই চার নেতার মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
তবে ইমিগ্রেশন সেন্টারে তারা কী বিষয়ে আলোচনা করেছেন, সে সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আগে আওয়ামী লীগ নেতাদের এই সীমান্ত পরিদর্শনকে একধরনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় আরেক সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা শুধু একটি সীমান্তপথের ওপর নির্ভর করতে চাইছেন না। বিকল্প পথের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোলের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাদের।
প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার তাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাতায়াতের পথ ও সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে।
এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। আওয়ামী লীগের একাংশের মধ্যে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তার দেশে ফেরার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
অন্যদিকে, রবিবার পেট্রাপোল এলাকায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে মিছিল করে হিন্দু সুরক্ষা সমিতি। এতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।
মিছিল থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি দাবি করা হয়। এ সময় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, কলকাতা থেকে যশোর রোড হয়ে বনগাঁ ও পেট্রাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।
একই দিনে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শন এবং বিজেপি নেতার এমন বক্তব্যের পর শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।