মোঃ তাজ উদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি, ২৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঠিকাদারি নিয়ন্ত্রণকারী পুরোনো সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং বিগত সরকারের সুবিধাভোগী চক্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আজ সোমবার দুপুরে স্থানীয় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অভিযুক্ত দুই ঠিকাদারকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ মিছিলটি হাসপাতালের দুই নম্বর ফটকের সামনে থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।
পরবর্তী প্রতিবাদ সমাবেশে দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মণ্ডল বকুল প্রধান বক্তা হিসেবে অংশ নেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে অনৈতিক সুবিধাভোগীরা এখনো হাসপাতালের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ও বহাল তবিয়তে রয়েছে। ক্ষমতার পরিবর্তনের পরও ওই গোষ্ঠী ঠিকাদারি ব্যবসা কুক্ষিগত করে রেখেছে এবং সেখান থেকে অর্জিত অর্থ অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যবহার করছে বলে তিনি অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে একই গোষ্ঠী এখানকার ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা নুর আলম হক খোকন ও মাসুদ রানা। আয়োজক সংগঠনের ব্যানারে দিনাজপুর সচেতন নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েই দিনের কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।