যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও মামলার ফেরারি আসামিরা যাতে কোনোভাবেই দেশে ঢুকতে না পারেন, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে রোববার দুপুরে ভারতের পেট্রাপোল সীমান্তে নিষিদ্ধ দলের কয়েকজন শীর্ষ নেতার ঘোরাফেরার খবর ও গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে সীমান্তজুড়ে কঠোর নজরদারি শুরু হয়েছে। রোববার দুপুরের পর থেকে সেটা আরও বাড়ানো হয়েছে।’।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রাতের বেলা সীমান্ত এলাকাগুলোতে সার্চলাইটের মাধ্যমে নিবিড় নজরদারি চালানো হচ্ছে। যেসব পয়েন্টে কাঁটাতারের বেড়া নেই, সেসব স্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে নিয়মিত টহল বাড়ানো হয়েছে। রোববার সন্ধ্যায়ও বিজিবির একটি বিশেষ দল এসব এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেছে। অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সর্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সীমান্ত এলাকায় সার্চলাইট দিয়ে নজরদারি চালানো হচ্ছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান জানান, ভারতের পেট্রাপোলে নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিদের অবস্থানের বিষয়টি তাদের নজরে এসেছে। এসব ব্যক্তিদের রুখে দিতে আগে থেকেই নজরদারি ছিল, যা এখন আরও জোরদার করা হয়েছে। সীমান্তে কোনো ধরনের অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে বিজিবিকে দ্রুত অবহিত করার জন্য স্থানীয় সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, ‘আমরাও শুনেছি, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিরা ভারতের পেট্রাপোলে ঘোরাফেরা করছে।

উল্লেখ্য, এর আগে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সে সময় তিনি গণমাধ্যমকে স্পষ্ট জানান, ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যেন কোনোভাবেই দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সারা দেশের সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।