লিবিয়ার বেনগাজি বন্দরে অবস্থানরত রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ও দুটি কার্গো জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ)। রোববার প্রকাশিত আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় রুশ ও লিবীয় নাগরিকসহ অন্তত ১০ জন সামান্য আহত হয়েছেন। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, রাশিয়ার নৌবাহিনীর ‘মেরকুরি’ নামক করভেট যুদ্ধজাহাজটির বড় একটি অংশ ডুবে গেছে এবং পানির ওপর কেবল সামনের কিছু অংশ দৃশ্যমান ছিল। রোববার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসনের দাবি, যুদ্ধজাহাজটি রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের উদ্দেশ্যে বেনগাজি বন্দরে নোঙর করেছিল। লিবীয় কর্তৃপক্ষ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে যে, লিবিয়ার বন্দর বা ভূখণ্ডকে কোনোভাবেই আন্তর্জাতিক যুদ্ধের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। একই দিনে বেনগাজি উপকূলের কাছে মাল্টার পতাকাবাহী অপর একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোনবোট হামলার ঘটনা ঘটেছে। লিবীয় নৌবাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে জাহাজটির নাবিকদের উদ্ধার করেছে। লিবীয় সামরিক সূত্রের ভাষ্যমতে, উপকূলে ড্রোন হামলার সময় তারা ২০টিরও বেশি ড্রোনবোট প্রতিহত করতে সক্ষম হয়েছে।
অন্যদিকে, বাল্টিক সাগরে ইউক্রেনের সম্ভাব্য ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার ‘স্পার্টা-২’ কার্গো জাহাজের পরিস্থিতিও সংকটাপন্ন। রোববারও জাহাজটিতে আগুনের ধোঁয়া দেখা গেছে। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, যদিও বড় ধরনের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে জাহাজের কনটেইনারগুলো শীতল রাখা এবং কাঠামোগত স্থিতিশীলতা বজায় রাখার কাজ এখনো চলমান।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর ধারণা, শনিবারের ওই হামলাটি ইউক্রেন চালিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় আঘাত পাওয়ার পর জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। ঘটনার পরপরই জাহাজটির ১৬ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, যাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।