ঢাকা, ২২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (২২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জরুরি জেলা ও মহানগর আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় কার্যকর না হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না।
তিনি বলেছেন, ব্যক্তি বা দলের নয়, জামায়াত জনগণের ঐক্য চায়। সংবিধান সংস্কার না হলে আওয়ামী লীগ ভিন্ন নামে ফিরে এসে আওয়ামী চরিত্রের দল ক্ষমতায় যাওয়ার সুযোগ পাবে।
এটিএম আজহারুল ইসলাম বলেন, সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ বন্ধ করতে হবে। এ লক্ষ্যেই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছে জামায়াত।
তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণ দুটি ভোট দিয়েছে। একটি সরকার গঠনের জন্য এবং আরেকটি সংবিধান সংস্কারের জন্য গণভোট। আমরা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে দুটি শপথ নিয়েছি। একটি সংসদ সদস্য হিসেবে, আরেকটি সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি একটির শপথ নিয়েছে, গণপরিষদের শপথ নেয়নি। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, জনগণকে যে ওয়াদা দিয়েছিল, তা ভঙ্গ করেছে।
তিনি বলেন, এখনো সুযোগ আছে। আমরা আহ্বান জানাব, বিএনপি যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় এবং সংবিধান সংস্কার করে। আমাদের ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও চব্বিশের চেতনা। এর বাইরে জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করতে পারবে না। জনগণের কাছে দেওয়া ওয়াদা আমরা ভঙ্গ করব না।
এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশ ও জাতির স্বার্থে জামায়াত সব সময় জনগণের সঙ্গে ছিল। বর্তমান পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্টরা জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর জন্য একমাত্র দায়ী সরকার। দেশ রক্ষা, সীমান্ত রক্ষা ও জনগণের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার সেটি করতে পারছে না, বরং কোথাও কোথাও সরকার উসকানি দিচ্ছে। কার স্বার্থে, কাদের খুশি করার জন্য তারা এ উসকানি দিচ্ছে? জাতি আজ তা জানতে চায়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ শক্ত হয়ে দাঁড়ালে আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। অনেকে পালিয়ে গেছে, বাকিরা পালানোর জায়গা পাবে না। সরকারকে সন্ত্রাসীদের শক্তভাবে দমন করতে হবে। জনগণের যাতে ক্ষতি না হয়, সেজন্য দায়িত্বশীল দল হিসেবে মাঠে-ময়দানে থাকবে জামায়াতে ইসলামী। একই সঙ্গে জনগণের দাবি সরকারকে মেনে নিতে হবে।
সরকারের উদ্দেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকার দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত করলে জনগণ তা মানবে না। আমরা জনগণের পাশে দাঁড়াব। আপনারা যে কাজ করছেন, তার ভিত্তি হিসেবে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই দেশের ঐক্য গড়ে উঠবে। যেকোনো ধরনের আঘাত প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ থাকব। সাহসিকতার সঙ্গে আঘাতের জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে বক্তব্য রাখেন নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল; নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ সেলিম উদ্দিন।