আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পীরগঞ্জ পৌরসভায় একটি পরিকল্পিত ও আধুনিক হাট প্রতিষ্ঠার জন্য এগিয়ে এলেন ২৪-রংপুর, ৬-পীরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা নুরুল আমীন এমপি।

সম্প্রতি সিনিয়র সাংবাদিক বেলায়েত হোসেন সরকার এক ফেসবুকের আবেগঘন পোস্টে লিখেছেন,” পীরগঞ্জ পৌরসভায় একটি আধুনিক হাট কি আমাদের স্বপ্নই থেকে যাবে? যোগ্য নেতৃত্বের অপেক্ষায় পৌরবাসী পীরগঞ্জ পৌরসভায় একটি পরিকল্পিত ও আধুনিক হাট প্রতিষ্ঠার মতো যোগ্য নেতৃত্ব কি আমরা কোনো দিনই পাব না?”

তারই ধারাবাহিকতায় স্থানীয় সাংসদ তাঁর নিজ ফেসবুক ভেরিফাই পোস্টে লিখেছেন,” পীরগঞ্জে একটা মান-সম্পন্ন হাট লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

একটি হাট শুধু কেনাবেচার জায়গা নয়; এটি একটি এলাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এখানে কৃষক তাঁর উৎপাদিত ধান, চাল, শাকসবজি, ফলমূল ও অন্যান্য কৃষিপণ্য সরাসরি বিক্রির সুযোগ পান। ব্যবসায়ীরা ন্যায্যমূল্যে পণ্য সংগ্রহ করতে পারেন। সাধারণ মানুষও নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে ও তুলনামূলক কম দামে কেনার সুযোগ পান। একটি পরিকল্পিত হাট গড়ে উঠলে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, পাইকার, খুচরা বিক্রেতা, পরিবহন শ্রমিক, দিনমজুর, দোকানদারসহ অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বাড়বে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, অর্থের প্রবাহ ও মানুষের আয়। হাটকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে গুদাম, আড়ত, হোটেল, খাবারের দোকান, পরিবহন ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। এতে পৌরসভার রাজস্ব আয়ও বাড়বে।

বিশেষ করে পীরগঞ্জ একটি কৃষিনির্ভর জনপদ। আশপাশের ইউনিয়নগুলোর কৃষক ও ব্যবসায়ীদের জন্য পৌর এলাকায় একটি উপযুক্ত হাট প্রতিষ্ঠা করা গেলে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে। কৃষককে দূরের বাজারে পণ্য নিয়ে যেতে অতিরিক্ত সময় ও পরিবহন খরচ বহন করতে হবে না। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে উৎপাদক ও ভোক্তা উভয়েই উপকৃত হতে পারেন।

তবে হাট প্রতিষ্ঠা করলেই হবে না। প্রয়োজন পরিকল্পিত স্থান, ভালো যোগাযোগব্যবস্থা, পাকা শেড, পানি ও পয়োনিষ্কাশন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, পার্কিং এবং সুষ্ঠু ব্যবস্থাপনা।

সে ক্ষেত্রে পৌরসভার জামতলা স্থানটি উপযুক্ত। এখানের হাট লাগানোর প্রয়োজনীয় জমি আছে। পৌরসভার নিজস্ব জমিও আছে,কেবল স্থাপনা ও শেড নির্মাণ করেই হাট বসানো যাবে। উপজেলার প্রধান সড়কের অবৈধ দোকানগুলি উচ্ছেদ করা হয়েছে,তাঁদেরকে ওই হাটে পূনর্বাসন করা যাবে বলে অভিজ্ঞমহলের অভিমত। জামতলায় প্রতি সোমবার ও শুক্রবার বিশ্বরোড দখল করে ঝুঁকিপূর্ণ হাট বসে,সেখানে নিত্যদিন দূর্ঘটনা লেগেই আছে। সেটা স্থানান্তর করাও জরুরি।

নিয়মতান্ত্রিকভাবে হাট পরিচালনা করতে পারলে এটি পীরগঞ্জ পৌরসভার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি হয়ে উঠতে পারে। এলাকাবাসীর প্রশ্ন, পীরগঞ্জ পৌরবাসীর এই মৌলিক অর্থনৈতিক চাহিদাটি নিয়ে আমরা চাই, পীরগঞ্জের স্বার্থে দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্ব এগিয়ে আসুক। একটি পরিকল্পিত হাট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হোক। কারণ একটি হাট মানে শুধু বাজার নয়, একটি হাট মানে হাজারো মানুষের জীবিকার সম্ভাবনা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পীরগঞ্জের অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দুয়ার।