নতুন টিভি ধারাবাহিক ‘হাঙামা’র নির্মাণকাজ নিয়ে বড় ধরনের অভিযোগ উঠেছে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে। নির্মাতা মানসুর আলম নির্ঝর এবং শুটিং ইউনিটের সদস্যদের দাবি, শিডিউল দেওয়া সত্ত্বেও পাভেল দুই দিন শুটিং সেটে অনুপস্থিত ছিলেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রায় ৬০ জনের পুরো ইউনিটকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। নির্মাতার হিসাব অনুযায়ী, সবমিলিয়ে শুটিং সেট ও সংশ্লিষ্ট খাতে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

ঘটনার বিস্তারিত তুলে ধরতে ২১ নভেম্বর রাত ১টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার সামনে এক সংবাদ সম্মেলন করেন নির্মাতা নির্ঝর। তিনি জানান, প্রায় দুই মাস ধরে বিভিন্ন শিল্পীর শিডিউল সমন্বয় করে গত ১২ নভেম্বর ‘হাঙামা’র শুটিং শুরু হয়। কিন্তু ১৫ নভেম্বর পাভেলের শুটিং শিডিউল থাকলেও তিনি সেটে আসেননি, এমনকি কোনো ধরনের যোগাযোগও করেননি। সেদিনের অনুপস্থিতির কারণে প্রায় সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয়েছিল। পরবর্তীতে পাভেল পারিবারিক সমস্যার কারণ দর্শিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিলে ১৭ ও ১৮ নভেম্বর তার সঙ্গে শুটিং করা সম্ভব হয়। এতে সেদিন প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে নির্মাতা আরও জানান, ২১ নভেম্বর পুনরায় পাভেলের শুটিং শিডিউল ছিল। সেই অনুযায়ী সেট প্রস্তুত রাখা হয়েছিল, শুটিং ইউনিটের প্রায় ৬০ জন সদস্য এবং সহশিল্পীরা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। এমনকি পাভেলকে নিয়ে আসার জন্য বাসার নিচে গাড়িও পাঠানো হয়েছিল। কিন্তু সারাদিন বারবার চেষ্টা করেও পাভেলের কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি কোনো সমস্যায় আছেন কি না, সে বিষয়েও শুটিং দল অবগত নয়। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই গভীর রাতে তার বাসার নিচে সংবাদ সম্মেলন করেন নির্মাতা ও ইউনিটের সদস্যরা।

নির্মাতা মানসুর আলম নির্ঝর স্পষ্ট করেছেন, এই পুরো ঘটনায় তাদের ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে বিষয়টি ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পাভেল ক্ষতিপূরণ দিয়ে জনসমক্ষে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া ‘হাঙামা’ ধারাবাহিকের কাজ নিয়ে তিনি বলেন, “নতুন করে শুটিং করা ছাড়া কাজটি শেষ করার উপায় দেখছি না। জোড়াতালি দিয়ে কাজ করতে চাই না, গল্প বা নির্মাণের মানেও আপস করব না।” ইতোমধ্যে বিষয়টি ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও পুলিশকে জানানো হয়েছে।

উল্লেখ্য যে, এই ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন শেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর ইনান, সামিউল ভূঁইয়া, তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন, সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ অনেকেই।