পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়বিষয়ক ফেডারেল মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক এবং তার প্রতিনিধিদলকে তাজমহলসহ ভারতের একাধিক ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দিল্লির ঐতিহাসিক নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। ২০ থেকে ২২ নভেম্বর ভারতে অনুষ্ঠিত প্রথম এসসিও সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে অংশ নিতে এই প্রতিনিধিদলটি দিল্লি সফর করছে। তিন বছর পর এই প্রথম কোনো পাকিস্তানি মন্ত্রী ভারত সফরে এলেন।

ভারতের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখা, স্থানীয় মানুষের সঙ্গে সাক্ষাৎ ও ভারতীয় সংস্কৃতি জানার আগ্রহ প্রকাশ করেছিলেন মুসাদিক মালিক। প্রস্তাবিত সফর পরিকল্পনাগুলো পর্যালোচনার পর ভারতীয় কর্তৃপক্ষ তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শনের অনুমতি দেয়। তবে আগ্রা সফরের সুযোগ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাজমহল দর্শনে যাননি পাকিস্তানি এই মন্ত্রী। শুক্রবার তিনি দিল্লির পুরানা কিলায় এসসিও ফোরামের কর্মসূচিতে যোগ দেন।

নিরাপত্তা মূল্যায়ন ও স্থান নির্বাচন

পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে তাজমহল, হুমায়ুনের সমাধি, দিল্লি হাট, কিলা রাই পিথোরা এবং নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের আবেদন করা হয়েছিল। ভারতীয় সংস্থাগুলো তাদের সার্বিক নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে নিজামুদ্দিন দরগাহের অনুমতি বাতিল করে। মূলত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ফোরামে যোগ দেওয়ার জন্যই তাদের ভিসা দেওয়া হয়েছিল। ফোরামের বাইরে অন্য স্থানে চলাচলের বিষয়টি সম্পূর্ণ পৃথকভাবে নিরাপত্তা পর্যালোচনার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতিনিধিদলের ওপর সার্বিক নিষেধাজ্ঞা সংক্রান্ত নানা খবর প্রকাশ্যে আসায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

রাজনৈতিক প্রতিক্রিয়া

প্রতিনিধিদলকে নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতের সমাজবাদী পার্টির সংসদ সদস্য মহিবুল্লাহ নদভি। তিনি প্রশ্ন তোলেন, সুফি সাধকদের মাজার যেখানে মানুষ মানবতা, সহমর্মিতা ও আধ্যাত্মিক মূল্যবোধ অর্জন করে, সেখানে তাদের প্রবেশের অনুমতি কেন দেওয়া হলো না।