কক্সবাজারের টেকনাফে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রামু সেক্টরের অধীনে ২ বিজিবি পরিচালিত এই অভিযানে শতাধিক আইইডি বোমা, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
অভিযানটি সম্পর্কে নিশ্চিত করেছেন রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে আইইডি বোমার পাশাপাশি প্রচুর পরিমাণে বিস্ফোরক তৈরির কাঁচামাল, স্টিলের বডি, বৈদ্যুতিক তার এবং অত্যাধুনিক টুলস বক্স রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মিয়ানমার থেকে চোরাপথে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র বাংলাদেশে আনা হয়েছিল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা থেকে এই চক্রটি অস্ত্র ও বিস্ফোরকগুলো মজুত করছিল। উদ্ধারকৃত উপকরণের ধরণ থেকেই নাশকতার ভয়াবহ পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
অভিযান চলাকালে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি অটোরিকশা জব্দ করা হয়েছে। একই সঙ্গে বিজিবি এসব যানবাহনের চালকদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।