বাংলাদেশে পরোক্ষ কর ব্যবস্থার বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) তাদের এক গবেষণায় দেখিয়েছে যে, দেশের সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ সমপরিমাণ অর্থ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে জমা দিতে হয়। বিপরীতে, সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ওপর ভ্যাটের বোঝা তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ, আয় অনুপাতে ধনীদের চেয়ে গরিবের ওপর ভ্যাটের চাপ সাত গুণ বেশি।
ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক এই গবেষণাটি পরিচালিত হয়েছে। র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাকের নেতৃত্বে করা এই গবেষণার ফলাফল সম্প্রতি স্থানীয় এক আয়োজনে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার উপস্থিত ছিলেন। গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে আজ স্থানীয় এক হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গবেষণার তথ্য অনুযায়ী, ব্যক্তি আয়কর আদায়ের বড় অংশই উচ্চ আয়ের পরিবারগুলো থেকে আসার কথা। দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে। প্রচলিত কর কাঠামো অনুযায়ী, ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই পরিবারগুলোর দেওয়ার কথা থাকলেও তা কার্যকর হচ্ছে না। অন্যদিকে, নিম্নতম ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তি আয়কর দায় নেই। একইসাথে, শীর্ষ ধনীদের আয়ের মাত্র ১১ দশমিক শূন্য ৩ শতাংশ আয়কর হিসেবে প্রদান করতে হয়। অন্যদিকে দরিদ্র পরিবারগুলোর আয় করযোগ্য আয়সীমার নিচে থাকে। অনেক করযোগ্য আয় কার্যকর করব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।
দেশে কর সক্ষম জনগোষ্ঠীর তুলনায় করদাতার সংখ্যা খুবই নগণ্য। মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। টিআইএনধারী ব্যক্তিদের মধ্যে রিটার্ন জমার হার ব্যক্তি পর্যায়ে ৪৩ দশমিক ১ শতাংশ এবং কোম্পানির ক্ষেত্রে ২৩ দশমিক ৬ শতাংশ। র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, কেবল রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণই বড় কথা নয়; কর ব্যবস্থা কতটা ন্যায্য, করদাতারা কতটুকু হয়রানিমুক্ত এবং সরকারি সেবার মান কেমন—তা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ের র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং জনগণ তাঁদের দেওয়া করের বিনিময়ে কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেসব বিষয়ও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে আদায়ের দক্ষতা ও পরিপালন উন্নত করা; তিন।
গবেষণায় সম্পদের ব্যাপক অসম বণ্টনও উঠে এসেছে। দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ মানুষের হাতে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ পুঞ্জীভূত। শীর্ষ ১০ শতাংশ পরিবারের দখলে রয়েছে মোট সম্পদের ৭৬ দশমিক ৪ শতাংশ। অথচ নিম্নবিত্ত অর্ধেক জনগোষ্ঠীর হাতে রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ সম্পদ। শহরাঞ্চলে এই বৈষম্য আরও বেশি, যেখানে মাত্র ১ শতাংশ অতি ধনী ব্যক্তির হাতে শহরের মোট সম্পদের ৫৩ শতাংশের বেশি সীমাবদ্ধ। পরিবারের জমি, বাড়ি, আর্থিক সম্পদ ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য থেকে ঋণ বাদ দিয়ে নিট সম্পদের হিসাব করেছেন র্যাপিডের গবেষকেরা।
ভ্যাট ফাঁকির সুযোগ নিয়েও সতর্ক করেছে র্যাপিড। ব্যবসায়ীদের মাধ্যমে ভ্যাট সংগৃহীত হলেও অপর্যাপ্ত নিবন্ধন ও তথ্য গোপনের কারণে তা পুরোটা সরকারের কাছে পৌঁছায় না। গবেষকদের মতে, করহার না বাড়িয়ে কার্যকর প্রশাসনিক নজরদারি ও পরিপালন বাড়ালে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব বাড়ানো সম্ভব। এজন্য উচ্চ আয়করভিত্তি সম্প্রসারণ, উত্তরাধিকার কর প্রবর্তন, করপোরেট করছাড়ের যৌক্তিকতা যাচাই এবং কর প্রশাসনের আধুনিকায়নের মতো সাতটি সুপারিশ করা হয়েছে। ফলে আয়করভিত্তি সম্প্রসারণের ক্ষেত্রে প্রধান মনোযোগ দেওয়া প্রয়োজন উচ্চ আয়ের পরিবারগুলোতে।