মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ঘিরে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা স্পষ্ট করেছেন যে, এই অবকাঠামো কোনো বিদেশি শক্তির আধিপত্য বিস্তার বা আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে না। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি) আয়োজিত ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: উন্নয়নের সম্ভাবনা ও কৌশলগত নিরাপত্তার চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ বলেন, মাতারবাড়ী বন্দরের ওপর বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ থাকা অপরিহার্য। তিনি সতর্ক করে বলেন, বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান যাতে কোনোভাবেই যেন আধুনিক যুগের ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পরিণত না হয়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের স্বার্থ ও পরিবেশগত প্রভাব বিবেচনায় নিয়ে বন্দরটি ব্যবহার করার ওপর তিনি জোর দেন।

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট-এর মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ জানান, দেশের ভেতর দিয়ে যখন বিদেশি কার্গো চলাচল করবে, তখন সেটির ওপর বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ থাকা জরুরি। কেবল সমুদ্রবন্দর নির্মাণ করলেই অর্থনৈতিক সুবিধা আসবে না; এর জন্য অভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামো এবং নিরবিচ্ছিন্ন আন্তঃসংযোগ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সাবেক সিনিয়র সচিব মো. সফিউল্লাহ বলেন, বাংলাদেশের নীতি কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং নিজস্ব অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। তিনি আঞ্চলিক ভূরাজনৈতিক স্বার্থ বিবেচনায় রেখে আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বার্থ আদায়ের ওপর গুরুত্বারোপ করেন। সিআইপিজির চেয়ারম্যান প্রফেসর ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলমের সঞ্চালনায় এই গোলটেবিল বৈঠকে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মিজানুর রহমান।

সভায় বক্তারা মাতারবাড়ী প্রকল্পের ঋণ ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা, সোনাদিয়া ও মাতারবাড়ীর মধ্যে তুলনামূলক সুবিধা বিশ্লেষণ এবং সংসদীয় নজরদারি বাড়ানোর সুপারিশ করেন। তারা ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সমতাভিত্তিক ও ন্যায্য ট্রানজিট চুক্তির মাধ্যমে অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার আহ্বান জানান। এছাড়া বন্দরভিত্তিক শিল্পায়ন এবং চট্টগ্রাম বন্দরের সঙ্গে কার্যকর সমন্বয়ের ওপরও জোর দেওয়া হয়। আলোচনার সারসংক্ষেপে বলা হয়, বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে, তবে জাতীয় স্বার্থ ও সার্বভৌম অধিকার বিসর্জন দিয়ে কোনো বিদেশি শক্তির কৌশলগত স্বার্থের কাছে নতি স্বীকার করবে না।