ময়মনসিংহ শহরে নতুন আতঙ্ক হয়ে উঠেছে ‘সাইকো গ্যাং কিলার’ বা পিজিকে নামে একটি কিশোর অপরাধী দল। নবম শ্রেণির এক শিক্ষার্থীর নেতৃত্বে গড়ে ওঠা এই দলটির বিরুদ্ধে শহরের বিভিন্ন এলাকায় উচ্চ শব্দে মোটরসাইকেল চালিয়ে মহড়া, ভয়ভীতি প্রদর্শন, হুমকি দেওয়া এবং ছোটখাটো হামলার মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশের কাছে এই গ্যাংয়ের এমন তৎপরতার তথ্য আগেই ছিল।
গত ১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এই দলের প্রধানকে ট্যাগ করে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। এতে ২০ নভেম্বর বেলা আড়াইটায় ‘সাইকো গ্যাং কিলার (পিজিকে) ভাই ব্রাদার শোডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়ে অন্যদের আমন্ত্রণ জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার দুপুরে কাশর ও জেলা পুলিশ লাইনস এলাকায় কয়েক শ কিশোরের একটি মিছিল বের করা হয়। ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মিছিল থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে এবং কয়েকটি মোটরসাইকেলে সামনে থেকে ভিডিও ধারণ করা হচ্ছে। স্থানীয় একটি মাঠে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ছয় কিশোরকে আটক করে। আটক ব্যক্তিদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন শিক্ষার্থী এবং অন্যরা অটোরিকশা মেরামত, জুতার দোকান ও বাসের সহকারী হিসেবে কাজ করে। এই ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলে অংশ নেওয়া কিশোরদের প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের পলাতক সদস্যরা তাদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিভিন্ন ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র ইকরামুল হকের সমর্থনে এই কিশোর গ্যাং মিছিলটি বের করেছিল।
অভিযুক্ত কিশোরের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, গত এক বছর ধরে সে নগরের কাশর ও জয়নুল আবেদিন উদ্যান কেন্দ্রিক এলাকায় কিশোরদের সঙ্গে মহড়া দিয়ে আসছিল। এদিকে, মিছিলের খবর ছড়িয়ে পড়ার পর মধ্যরাতে ওই কিশোরের বাসায় ভাঙচুরের ঘটনা ঘটে।
ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, আটক ছয় কিশোরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই গ্যাংয়ের বিস্তার, নেপথ্যের মদদদাতা এবং শহরের অন্যান্য গ্যাংয়ের সঙ্গে তাদের যোগসূত্র সম্পর্কে বিস্তারিত তথ্য খোঁজা হচ্ছে। তিনি জানান, শহরে এ ধরনের একাধিক গোষ্ঠীর অস্তিত্ব পাওয়ার খবর রয়েছে। এসব গোষ্ঠী আলাদা কি না, তা যাচাই করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।