পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই এবং এদের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। শুক্রবার বিকেলে সিলেট নগরের দাঁড়িয়াপাড়ায় নিজের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে শুক্রবার ভোররাতে তার ওই বাসভবনের প্রধান ফটকে দুর্বৃত্তরা আগুন দেওয়ার ঘটনা ঘটায়।

এদিনের হামলার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা এখন ধাওয়ার মুখে আছে। বাসার গেটে আগুন দিয়ে তারা পালিয়ে গেছে। তিনি বিড়ালের দৌড় দেওয়ার সঙ্গে তুলনা করে বলেন, এদের অবস্থাও অনেকটা তেমনই। তারা এখন দৌড়ের ওপর আছে, এমনকি পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না। প্রতিমন্ত্রী দাবি করেন, ‘জয় বাংলা’ স্লোগানটি এখন জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

সরকারের দৃঢ় অবস্থান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার সহনশীল, তবে সন্ত্রাসীদের মোকাবিলায় কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ বর্তমানে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বৈদেশিক বিনিয়োগ বাড়ছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। প্রতিমন্ত্রী মনে করেন, এই ইতিবাচক পরিবর্তন একটি ক্ষুদ্র গোষ্ঠীর সহ্য হচ্ছে না, যার ফলে তারা ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।

সরকার কোনো চাপে আছে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীরা নিজেরাই আতঙ্কিত। তারা কয়েক সেকেন্ডের মধ্যেই পালিয়ে যায়। অপরাধীদের যেকোনো মূল্যে আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, যারা মানুষ হত্যা বা রাষ্ট্রের সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টা করেছে, আইনের দীর্ঘ হাত থেকে তারা রক্ষা পাবে না। বিদেশে অবস্থানরত অপরাধীদের ক্ষেত্রে ‘এক্সট্রাডিশন ট্রিটি’ বা প্রত্যর্পণ চুক্তি এবং কঠোর নজরদারির মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

সিলেটে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সবাইকে একত্রিত করার সুযোগ সবসময় পাওয়া যায় না, তাই আজকের এই উপস্থিতিতে তিনি আনন্দিত।