নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের দ্বারা সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জুমার খুতবায় জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। গত বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে ধর্মমন্ত্রী উল্লেখ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। মসজিদের ইমাম ও খতিবদের প্রতি তিনি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নাশকতা পরিহারের বার্তা পৌঁছে দিতে জুমার খুতবায় নিয়মিত বক্তব্য রাখতে হবে।
যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী আরও বলেন, কোথাও কোনো নাশকতামূলক তৎপরতা নজরে এলে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। দেশের স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় নেতাদের সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।