রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের সদস্যদের যথাযথ ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গণহত্যা প্রতিরোধে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে আদালত এই নির্দেশনা প্রদান করে। বৃহস্পতিবার বিচারপতি ইউজি ইওয়াসাওয়া আদালতের ১০ম ও ১১তম সিদ্ধান্তটি ঘোষণা করেন, যা ১০-৫ ভোটে গৃহীত হয়। ক্ষতিপূরণের পরিমাণ এবং তা প্রদানের পদ্ধতি পরবর্তী সময়ে আদালত নির্ধারণ করবে।

আদালতের রায়ে স্পষ্ট করা হয়েছে যে, গণহত্যা সনদের অধীনে নিজ দায়িত্ব পালনে ব্যর্থতার পুনরাবৃত্তি রোধ করতে মিয়ানমারকে সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে।

এই সিদ্ধান্ত ৯-৬ ভোটে পাস হয়। এছাড়া, সনদের শর্তানুযায়ী পুনরুদ্ধারমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, যা ১০-৫ ভোটে গৃহীত হয়েছে। ২০১৭ সালের সামরিক অভিযানের সময় গণহত্যা সংক্রান্ত বিধানগুলো কার্যকরে ব্যর্থতার জন্য মিয়ানমারকে দায়ী করেছে আদালত। এই সিদ্ধান্তটি ১৪-১ ভোটের বিশাল ব্যবধানে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি রায়ে উল্লেখ করা পুনরুদ্ধারমূলক ব্যবস্থাও নিতে হবে দেশটিকে। এ সিদ্ধান্তের পক্ষে ভোট পড়ে ১০টি, বিপক্ষে পাঁচটি।

আদালতের অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে, গণহত্যা সনদের ৫ নম্বর অনুচ্ছেদের অধীনে যদি কোনো লঙ্ঘন চলমান থাকে, তবে তা বন্ধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে মিয়ানমারকে। একইসঙ্গে, ২০১৭ সালের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট গণহত্যার অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ও নিরপেক্ষ তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে আদালত। তদন্তের বিষয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ১৩-২ ভোটে গৃহীত হয়।