মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে পরিচালিত সামরিক অভিযানের সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বড় ধরনের নির্যাতন, ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর নিপীড়নের ঘটনায় পর্যাপ্ত প্রমাণ পেয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে এই মামলার রায় ঘোষণার সময় আদালত এসব ভয়াবহ তথ্য উপস্থাপন করে।
আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় পাঠ করার সময় জানান, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালিয়েছে।
বিশেষ করে প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টাকালে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালানো হয়। এছাড়া সামরিক অভিযানের ওই সময়ে প্রায় ১০ হাজার রোহিঙ্গার মৃত্যুর যে হিসাব পাওয়া গেছে, তার পক্ষেও শক্তিশালী তথ্য-প্রমাণ রয়েছে বলে আদালত নিশ্চিত করেছে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী রাখাইন অঞ্চলে অভিযান শুরু করার পর সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে।
২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে-তে এই মামলা দায়ের করে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা এই আবেদনে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনা হয়। মিয়ানমার অবশ্য শুরু থেকেই গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি, তারা কেবল সশস্ত্র গোষ্ঠীর হামলার বিপরীতে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিয়েছিল।
আন্তর্জাতিক বিচার আদালতের রায় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর জন্য বাধ্যতামূলক হলেও আদালতের নিজস্ব কোনো গ্রেপ্তার বা শাস্তি কার্যকরের ব্যবস্থা নেই। তবে ব্যক্তির বিরুদ্ধে অপরাধের বিচার করার এখতিয়ার রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক তদন্ত চলছে। ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে জোরপূর্বক বাস্তুচ্যুতি ও নিপীড়নের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। যদিও এ বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে এ বিষয়ে আইসিসির বিচারকদের প্রকাশ্য সিদ্ধান্ত এখনো আসেনি বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
তৎপরতার অংশ হিসেবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার একটি আদালত মিয়ানমারের তৎকালীন সামরিক ও বেসামরিক নেতৃত্বের ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, যার মধ্যে মিন অং হ্লাইংও অন্তর্ভুক্ত আছেন। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচারের উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক গুরুত্ব বহন করছে। সংস্থাটি জানিয়েছে, ২০১৭ সালের অভিযানে গণহত্যার অভিযোগের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও সামরিক কর্মকর্তাদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে।