রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচলের রুট সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেনটি গোপালগঞ্জের গোবরা স্টেশনে না গিয়ে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা বহাল থাকবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, ৭৮৪ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা ও পাংশা হয়ে কালুখালী স্টেশনে পৌঁছাবে। একইভাবে ফিরতি পথে ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা থেকে ছাড়ার পরিবর্তে কালুখালী স্টেশন থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছাবে।

এই পরিবর্তনের ফলে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালী পর্যন্ত পৌঁছানোর পর গন্তব্যে যেতে নিজস্ব ব্যবস্থাপনায় বিকল্প পরিবহন গ্রহণ করতে হবে। আপাতত কালুখালী স্টেশনেই ট্রেনটির যাত্রা বিরতি ও শেষ গন্তব্য নির্ধারিত রয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় আগের রুটে ট্রেন পরিচালনা করা হবে বলে জানিয়েছে রেল বিভাগ।