দেশের পার্বত্য চট্টগ্রাম, তৈরি পোশাক শিল্প কিংবা গোপালগঞ্জের মতো বিভিন্ন এলাকায় চলমান অস্থিরতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে আয়োজিত ‘পাহাড়ের অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সভাপতির বক্তব্যে তিনি দাবি করেন, দেশের এসব অস্থিতিশীল পরিস্থিতির শিকড় মূলত এক জায়গায় প্রোথিত এবং এর পেছনে একই ধরনের ভূরাজনৈতিক স্বার্থ সক্রিয় রয়েছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম, তৈরি পোশাক খাত কিংবা দেশের অন্যান্য স্থানে সৃষ্ট অস্থিরতাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে অস্থিরতার পেছনে দিল্লির স্বার্থ ও প্রভাবের বিষয়গুলো গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগ সরকারের সময়কাল বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছিল। পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতিকে নিছক স্থানীয় সমস্যা হিসেবে না দেখে এটিকে জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় ঠিকই, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অধিকার এদেশের জনগণের রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ব্যারিস্টার ফুয়াদ সাফ জানিয়ে দেন, দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো বিদেশি প্রভাব বা হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ সময় তিনি পার্বত্য অঞ্চলের সব নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদের সঞ্চালনায় এই আলোচনা সভায় আরও অংশ নেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, নিরাপত্তা বিশ্লেষক ও সাংবাদিক আবু রুশদ, বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান এবং পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশ। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার নানাদিক নিয়ে আলোচনা করেন এবং জাতীয় ঐক্যের ওপর জোর দেন।