ইরানের সঙ্গে চলমান দীর্ঘদিনের সংঘাতের সমাপ্তি ঘটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে তিনি এমন একটি দীর্ঘমেয়াদী চুক্তি সম্পন্ন করতে চান, যা কেবল বর্তমান সময়ের জন্যই নয়, বরং ভবিষ্যতের কোনো নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় এলেও যেন অটুট থাকে। কোনো দুর্বল নেতৃত্ব যেন এই চুক্তি থেকে বেরিয়ে যেতে না পারে, সেই বিষয়টিই তিনি নিশ্চিত করতে চেয়েছেন। ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ভবিষ্যতে যদি কোনো খারাপ বা দুর্বল প্রেসিডেন্ট ক্ষমতায় আসেন, তবুও আমি চাই চুক্তিটি যেন তার মেয়াদেও বহাল থাকে।’। ইরানের সঙ্গে সংঘাতের অবসান ঘটানোর দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি যেকোনো মূল্যে এই বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি করতে বদ্ধপরিকর। তার দাবি, তেহরানও একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে বেশ আগ্রহী। ট্রাম্প নিশ্চিত করেছেন যে, ইরানের প্রতিনিধিদের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে এবং এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। তবে এই সমঝোতার ক্ষেত্রে তিনি ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনের পথ সম্পূর্ণ বন্ধ করার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে চান। যেকোনো উপায়েই হোক, আমরা এর অবসান ঘটাব।’।

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে ট্রাম্পের কৌশলে এক ধরনের দ্বিমুখী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। একদিকে কূটনৈতিক আলোচনার পথ খোলা রেখে ওয়াশিংটন উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে ইরানের ওপর নিয়মিত সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রাখা হয়েছে। যদিও সম্ভাব্য এই চুক্তির সময়সীমা বা এর সুনির্দিষ্ট শর্তাবলী সম্পর্কে ট্রাম্প এখনো কোনো বিস্তারিত প্রস্তাব প্রকাশ করেননি।

সব মিলিয়ে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ট্রাম্পের আগ্রহ এবং একইসঙ্গে কঠোর চাপ বজায় রাখার নীতিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। হোয়াইট হাউসের এই কৌশলী পদক্ষেপ শেষ পর্যন্ত কার্যকর কোনো চুক্তিতে রূপ নেবে কি না, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা।