দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এরইমধ্যে এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকাকে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনতে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বুধবার বেবিচক পুলিশের সঙ্গে একটি বৈঠক করেছে। বৈঠকে বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইওভার এবং আশপাশের সড়কে নিয়মিত টহল ও চেকপোস্ট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানিয়েছেন, পুলিশের নজরদারি ও টহল জোরদার করা হচ্ছে এবং বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারে স্থায়ী নিরাপত্তার বিষয়ে আলোচনা চলছে। এছাড়া ফ্লাইওভারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের অবস্থান নিশ্চিত করতে বিমানবন্দর থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির বোমা নিষ্ক্রিয়কারী দল এসে গ্রেনেড দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাতে ফ্লাইট পরিচালনা হয় না-এমন বিমানবন্দরেও টহল ও নজরদারি রয়েছে। বিশেষ করে ফ্লাইওভার ও সংযোগ সড়ক ব্যবহার করে নাশকতার চেষ্টা, বিমানবন্দরে আসা-যাওয়ার পথে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা এবং ল্যান্ডসাইডে সন্দেহজনক তৎপরতা ঠেকাতে টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায় বৈঠকে।
নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়হীনতা নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও বেবিচক জানিয়েছে, বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরের এলাকা পুলিশ এবং প্রবেশপথ এপিবিএন নিয়ন্ত্রণ করে। তবে এখন ল্যান্ডসাইড, প্রবেশপথ ও ফ্লাইওভারকে বাড়তি গুরুত্ব দিয়ে তিনটি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে। বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল জানিয়েছেন, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকির গোয়েন্দা তথ্য নেই বা রেড অ্যালার্ট জারি করা হয়নি, তবে নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। তবে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব আসলে কার, তা নিয়েও উঠেছে প্রশ্ন। তিনটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে।
গত মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে শাহজালাল বিমানবন্দরের গেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দরের অদূরে জসিমউদ্দিন রোডে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিআরটি উড়াল সেতু থেকে বিমানবন্দরের বাইরের গেটে ককটেল নিক্ষেপ করা হলে চার পথচারী আহত হন। এছাড়া গত ৬ নভেম্বর বিমানবন্দরের গোলচত্বরে এবং ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিমানবন্দরের টার্মিনাল ও অ্যাপ্রোন এলাকা বর্তমানে নিরাপদ রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ল্যান্ডসাইডেও নজরদারি বাড়ানো জরুরি, যাতে অপরাধীদের শনাক্ত করা সহজ হয়। তৃতীয় টার্মিনালের ল্যান্ডসাইড এলাকাকেও নতুন এই নজরদারি পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া এয়ারসাইড ও টার্মিনাল ভবনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও সার্বক্ষণিক ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থা বলবৎ রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রতিটি সংস্থাকে নিজস্ব উদ্যোগেও ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে ফুটেজ বিশ্লেষণ করে কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে।