রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ২৮ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার রুয়েট ও বুয়েট—এই দুটি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষাটি নেওয়া হবে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে শীর্ষ ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে।

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতার বিষয়ে বলা হয়েছে, প্রার্থীকে ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। এছাড়া ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৩ থাকতে হবে এবং প্রতিটি বিষয়ে আলাদাভাবে অন্তত জিপিএ ৪ থাকা বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৫: এআই যুগে সমাজবিজ্ঞান- রাষ্ট্রবিজ্ঞান-উন্নয়ন অধ্যয়ন বিষয়ে কেন পড়বেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল।

জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে। ‘ও’ লেভেলের অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে আলাদাভাবে অন্তত ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ২০২৫ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেলের সার্টিফিকেট অর্জন করতে হবে।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. কামরুজ্জামান জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ওপর ভিত্তি করে নির্ধারিত যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদন করলেই পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চয়তা নেই; চূড়ান্তভাবে বাছাই করা ১৮ হাজার শিক্ষার্থীই পরীক্ষায় বসার সুযোগ পাবেন।

তিনি আরও জানান, আদালতের একটি নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয় ও একই সময়ে অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ যেন সাংঘর্ষিক না হয়, তা বিবেচনা করেই ২৮ জানুয়ারি পরীক্ষার দিন ঠিক করা হয়েছে। ভর্তি প্রক্রিয়ার অন্যান্য সিদ্ধান্ত পরবর্তীতে জনসংযোগ দপ্তরের মাধ্যমে জানানো হবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।