অনলাইন ডেস্ক, ১৮ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ শতাংশেরও বেশি কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে গত ১৮ নভেম্বর বুধবার লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৭৭২ ডলার ৯১ সেন্টে পৌঁছায়। এর আগে দাম কমে ৩ হাজার ৭৫৭ ডলারে নেমে আসে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন দর। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭৬ ডলার ১০ সেন্টে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, ডলারের শক্তিশালী অবস্থান এবং আগামী কয়েক মাসে কঠোর মুদ্রানীতি অনুসরণের প্রত্যাশা স্বর্ণের বাজারের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা জানান, এই পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দিচ্ছে। ডলারের বিনিময় হার বর্তমানে ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে, যার ফলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে।
ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের বক্তব্যেও সুদের হার বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবিলায় আবারও সুদের হার বৃদ্ধির কথা বলেছেন। সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেমও আগামী বসন্তের মধ্যে কয়েক দফা সুদের হার বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। বর্তমানে বাজারে ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৭ দশমিক ৮ শতাংশ এবং ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ২ দশমিক ২ শতাংশ বলে ধারণা করা হচ্ছে। সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় বৃদ্ধি পায়, যা দামের ওপর নিম্নমুখী প্রভাব ফেলে।
বিনিয়োগকারীরা এখন ফেডারেল রিজার্ভের অক্টোবর মাসের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন। বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, বৈঠকের এই নথিতে কর্মকর্তাদের ভবিষ্যৎ অবস্থান এবং ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত সুদের হার বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে নতুন ইঙ্গিত মিলতে পারে। এদিকে ফেডারেল রিজার্ভের ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত আরও তিন দফা সুদের হার বাড়তে পারে—বাজারের এমন প্রত্যাশার বিষয়টিও এতে স্পষ্ট হতে পারে।’।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও নিম্নমুখী। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ ডলার ৭৫ সেন্টে নেমেছে, যা ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। এছাড়া প্লাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭৮ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে, যা চলতি বছরে ধাতুটির মোট ৩০ শতাংশ দরপতন নির্দেশ করে। প্যালাডিয়ামের দামও ২ দশমিক ৭ শতাংশ কমে ৯৪৪ ডলার ৭৫ সেন্টে লেনদেন হয়েছে। বিশ্ব প্লাটিনাম বিনিয়োগ পরিষদের তথ্য অনুযায়ী, বার ও কয়েনের চাহিদা বৃদ্ধি এবং বিনিময়-বাণিজ্য তহবিল থেকে অর্থ প্রত্যাহার কমে আসায় আগামী বছর প্লাটিনামের বাজারে সরবরাহের ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।