গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ী গ্রাম থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কঞ্চিবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুলাল গ্রামে অবস্থিত নিজ ঘর থেকে এই মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই গ্রামের আব্দুর রাজ্জাক বাবুর প্রথম স্ত্রী আঁখি বেগম (৩৫) ও তাদের পাঁচ বছর বয়সী সন্তান আদিল। আব্দুর রাজ্জাক বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত আছেন। কঞ্চিবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফুল বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত মা আঁখি বেগম (৩৫) ও ছেলে আদিল (৫) কঞ্চিবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক বাবুর প্রথম স্ত্রী ও সন্তান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম জানান, মঙ্গলবার বিকেলে আঁখি বেগমের মেয়ে নানাবাড়ি থেকে ফিরে বাড়ির দরজা খোলা পায়। ভেতরে গিয়ে সে বিছানায় মা ও ছোট ভাইকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে। তার ডাকে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে আঁখি বেগমের নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত অপরাধ বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীর দ্বিতীয় স্ত্রীকে সন্দেহের তালিকায় রেখে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তদন্তের পর এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।