ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। চলতি নভেম্বর মাসের শেষ দিকে দেশটিতে কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে নির্ধারিত খরচের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী। এদিন বিকেল সোয়া ৪টায় অধিবেশন শুরু হয় এবং বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে সম্পূরক প্রশ্নে রুহুল আমিন বলেন, ‘সুখের আশায় দেশ থেকে অসংখ্য স্বপ্ন নিয়ে বাংলাদেশের যুবকরা বিদেশে পাড়ি জমান। নিজের জীবন সুন্দর করা, পরিবারকে ভালো রাখা এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য তারা বিদেশে যান। তাদের আমরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছি। ২০২৫-২৬ অর্থবছরে বিদেশ থেকে ৪ লাখ ৩৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে।’

প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ‘কখনো কখনো দেখা যায়, প্রবাসীদের পাঠানো টাকা নিয়ে স্ত্রী অন্যের হাত ধরে পালিয়ে যান। এ ধরনের ঘটনাও বর্তমানে কম নয়। আবার বিমানবন্দরে লাগেজ কাটা ও বিভিন্ন হয়রানি তাদের কপালে লেগেই থাকে। দালাল চক্রের দৌরাত্ম্য, প্রবাসীদের আটকে রেখে নির্যাতন এবং পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনা বাংলাদেশে প্রায়ই ঘটছে। অসুস্থ হলে বা বিপদে পড়লে আমাদের দূতাবাসগুলোর কাছ থেকেও তারা তেমন সহযোগিতা পান না।’

তিনি আরও বলেন, ‘এতগুলো রেমিট্যান্স যোদ্ধার এসব সমস্যা সমাধানে বর্তমান সরকার কী ধরনের পরিকল্পনা নিয়েছে, তা প্রবাসী কল্যাণমন্ত্রীর কাছে জানতে চাই।’

জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যেকটি মিশনে আমাদের ডেস্ক বসিয়েছি। সেখানে কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বিদেশে কেউ কোনো ধরনের অসুবিধায় পড়লে আমাদের ইমেইল করলে তাৎক্ষণিকভাবে উত্তর দিয়ে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হয়। শুধু তাই নয়, তার পরিবারের সদস্যদের কাছেও আমরা তথ্য পৌঁছে দিই।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় প্রবাসীদের সহায়তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এবারের মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের চিকিৎসাসেবাসহ খরচের বিষয়ে আমরা তাদের পরিবারের কাছে নিয়মিত তথ্য জানিয়েছি। যেখান থেকেই কোনো তথ্য পেয়েছি, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

এরপর সম্পূরক প্রশ্ন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ। তিনি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া এবং নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, ‘আগস্ট থেকে আমরা মন্ত্রী মহোদয়ের মুখে শুনছি, মালয়েশিয়ায় লোক যাচ্ছে। আজ নভেম্বর, এখনো সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে অভিযোগ শুনতে হচ্ছে। ৫১টি মেডিকেল এবং ২৫-২৬টি ভাগাভাগির বিষয়ও সামনে আসছে। সরকারি খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণের কথা শুনলেও বাজারে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এ সমস্যার সমাধান কবে হবে? ঠিক কবে নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে, মানুষ তা জানতে চায়।’

তিনি আরও জানতে চান, ‘১ লাখ ৫৪ হাজার টাকায় কর্মী পাঠানো নিশ্চিত করতে আলাদা সংসদীয় কমিটি গঠন করে মনিটরিংয়ের ব্যবস্থা করা যাবে কি না।’

জবাবে মন্ত্রী বলেন, ‘আগামীকালই মেডিকেলের তালিকা প্রকাশ করব। এই মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে। আর কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রশ্নকর্তাসহ সংসদের অনেক সদস্যই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এ কারণে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা দুটি সম্পূরক প্রশ্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’