আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৫ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ থেকে সকাল সাতটায় রওনা দিয়ে টীম পীরগঞ্জের দশ সদস্য নিয়মিত ভ্রমণের মিশনে বেরিয়ে পড়ি। এডভোকেট কাজী লুমুম্বা লুমুর নেতৃত্বে ওই টীমে রয়েছেন বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ,সাংবাদিক,জনপ্রতিনিধি। এবারের সফর তিনদিন ব্যাপী। টাঙ্গাইলের মধুপুরের জলছত্রে আনারস খেয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদ ও শোলাকিয়া ঈদগাহ্ মাঠ দর্শণ করে নেত্রকোনার দূর্গাপুর উপজেলার জেলা পরিষদ ডাক বাংলোয় রাত্রিযাপন।
জমিদারী প্রথা বিলুপ্তির টংক আন্দোলনের মহানায়ক মণি সিংহের স্মৃতি বিজড়িত যাদুঘর দেখে আমরা সোমেশ্বরী নদি পেরিয়ে বিজয়পুরের কমলার বাগান, জিরো পয়েন্ট, বিচ্ছিন্ন গ্রাম ভবানীপুর থেকে চিনামাটির সাদা পাহাড় দেখে কলমাকান্দার সীমান্ত এলাকা রংছাতি ইউনিয়নে পাঁচগাও চন্দ্রডিঙ্গায় পৌঁছি তখন সন্ধ্যা। সন্ধ্যার পর পরই মেঘালয় পাহাড় দর্শণ শেষে রওনা দিয়ে পরবর্তী গন্তব্য ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাত্রীযাপন। পরদিন সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক মুক্তা ও ডাচ্ বাংলা ব্যাংক কর্মকর্তা ইতুকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে শিল্পাচর্য জয়নুল আবেদীন মিলনায়তন ও বোটানিক্যাল গার্ডেন পরিদর্শণ শেষে জমিদার বাড়ি দেখতে শশীলজে যাই। মুক্তাগাছার নিঃসন্তান জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তাঁর দত্তকপুত্র শশীকান্তের নামানুসারে ময়মনসিংহ শহরে শশীলজ নামে একটি বিলাসবহুল দ্বিতল প্রাসাদ নির্মাণ করেন।
পরে মুক্তাগাছার শ্রীকান্ত আচার্য জমিদারবাড়ি দর্শণ, মুক্তাগাছার বিখ্যাত মন্ডা খেয়ে রওনা হয়ে সোজা ২০১ গম্বুজ মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে ঝিনাই নদীর তীরে অবস্থিত একটি প্রসিদ্ধ স্থাপত্য নিদর্শন দেখা হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে গভীর রাতে বাড়ি পৌঁছে যাই।