ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি প্রকাশ করেছেন, যা দর্শকদের আবেগে ভাসিয়েছে। ছবিটিতে পাশাপাশি দুটি মুহূর্ত তুলে ধরা হয়েছে; একটিতে চার বছর বয়সী শিশু শচীন, অন্যটিতে পরিণত শচীন টেন্ডুলকার। দুটি ছবিতেই তাঁর হাতে রয়েছে ক্রিকেট ব্যাট। এই দুই ছবির মাঝে পেরিয়ে গেছে ৪৯টি বছর। নিজের এই ছবির সঙ্গে হিন্দিতে তিনি লিখেছেন, ‘প্রথম থেকেই ব্যাটের সঙ্গে সম্পর্ক। ৪৯ বছর পরও সে আমার সঙ্গেই আছে!’
১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণকারী শচীন ছোটবেলায় যখন ব্যাট হাতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, তখন হয়তো তিনি নিজেও কল্পনা করেননি যে এই ব্যাট একদিন তাঁকে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে। ভারতের হয়ে ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট মাঠ কাঁপিয়েছেন তিনি। এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি। তবে শচীনের জনপ্রিয়তা শুধু পরিসংখ্যান বা রেকর্ডে সীমাবদ্ধ থাকেনি, বরং তিনি হয়ে উঠেছেন কোটি মানুষের অনুপ্রেরণা ও আবেগের প্রতীক।
ভারতীয় ক্রিকেটভক্তদের কাছে শচীন মানেই ছিল উৎসবের নাম। তিনি যখন ক্রিজে থাকতেন, তখন টেলিভিশনের সামনে চোখ আটকে থাকত অসংখ্য মানুষের। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধতা যেমন ছিল, তেমনি আউট হয়ে গেলে নেমে আসত বিষণ্নতা। মাঠের লড়াইয়ে কত ম্যাচ যে একাই জিতিয়েছেন ভারতকে, তার হিসেব নেই। ক্রিকেট কেবল তাঁর পেশা ছিল না, ছিল আজীবনের ভালোবাসা।
সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ ছবিটি শেয়ার করার পেছনে একটি আবেগঘন উপলক্ষ রয়েছে। ১৯৮৯ সালের এই দিনেই প্রথমবারের মতো ভারতের হয়ে ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচীনের। সময়ের দীর্ঘ পথচলায় চুলে পাক ধরলেও ব্যাটের প্রতি তাঁর এই ভালোবাসা ও নিবেদন আজও অটুট রয়েছে। ৪৯ বছর পরের এই ছবি যেন সেই দীর্ঘ ক্রিকেট যাত্রারই এক জীবন্ত দলিল।