ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের ধারণা, এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে এবং এরপর ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি জানান, লঘুচাপটি নিশ্চিতভাবে নিম্নচাপে রূপান্তরিত হবে এবং এর পরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এই মুহূর্তে এর সুনির্দিষ্ট গতিপথ বলা কঠিন। নিম্নচাপে পরিণত হওয়ার পরই এর পরবর্তী গতিপথ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব হবে। এখন পর্যন্ত প্রাথমিক পর্যবেক্ষণে এর সম্ভাব্য দিক ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে ইঙ্গিত করছে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটা নিম্নচাপ তো হবেই, তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।’।

আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, দেশের সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ ১৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে, যা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস।