প্যাকিং ও র্যাপিং মেশিনের আড়ালে সিগারেট তৈরির সাতটি পৃথক যন্ত্রপাতির একটি পূর্ণাঙ্গ প্ল্যান্ট আমদানির চেষ্টা ব্যর্থ হয়েছে। ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান ‘জেআর বিজনেস ওয়ার্ল্ড’ সংযুক্ত আরব আমিরাতের ‘আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ থেকে এই চালানটি দেশে এনেছিল। পণ্যটি খালাসের দায়িত্বে নিয়োজিত ছিল ‘এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড’ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রির মাধ্যমে পণ্যটি খালাসের আবেদন করা হয়। সেখানে এটিকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে উল্লেখ করে এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়েছিল।
ঘোষিত নথিপত্রে চালানটির মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার দেখানো হলেও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অনুসন্ধানে প্রকৃত চিত্র বেরিয়ে এসেছে। আন্তর্জাতিক বাজারমূল্য ও প্রাথমিক তথ্যপত্র বিশ্লেষণ করে সিআইআইডি জানিয়েছে, প্রকৃতপক্ষে পণ্যগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৪৩ হাজার ডলার। অর্থাৎ, ঘোষিত মূল্যের চেয়ে প্রকৃত মূল্য প্রায় ২৫ গুণ বেশি এবং এই দুইয়ের পার্থক্য ৪ লাখ ২৫ হাজার ৪০০ ডলার। ৫ হাজার ৫০০ কেজি ওজনের এই চালানটি শেষ পর্যন্ত কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জব্দ করেছেন। ইনভয়েস অনুযায়ী চালানটিতে থাকা এসব সামগ্রীর ঘোষিত মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। আটককৃত এই চালানের মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি।
সিআইআইডি জানিয়েছে, মেশিনগুলোর মডেল, বয়স ও সামগ্রিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য এবং প্রযোজ্য শুল্ক ও কর নির্ধারণ করা হবে। সিআইআইডির মতে, তামাকশিল্পের ভারী যন্ত্রপাতি তৈরির মতো স্পর্শকাতর পণ্য কেবল দেশের নিবন্ধিত ২৯টি সিগারেট উৎপাদক প্রতিষ্ঠান বা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমেই আসা উচিত।
এ ধরনের অনিয়মের ফলে নকল সিগারেট উৎপাদনের বড় ঝুঁকি তৈরি হয়, যা সাধারণ ভোক্তাদের প্রতারিত করার পাশাপাশি সরকারকেও বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করে। এছাড়া, এর মাধ্যমে বৈধ উৎপাদকরাও ব্যবসায়িক প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা যেহেতু তামাকশিল্পের ভারী যন্ত্রপাতি সরবরাহের সঙ্গে যুক্ত, তাই এই আমদানির পেছনে বড় কোনো অসৎ উদ্দেশ্যে থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।