সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটিতে প্রত্যাশার চেয়ে অনেক আগেই সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠিয়েছে মিসর। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রকাশ্যে সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দেওয়ার কয়েক মাস আগেই এই সামরিক উপস্থিতি শুরু হয় বলে মিসরের সামরিক সূত্রের তথ্য থেকে জানা গেছে।

মিডল ইস্ট আইকে দেওয়া তথ্যে এক মিসরীয় সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবে ইতিমধ্যে রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার ও চারটি বড় পরিবহন বিমান মোতায়েন করা হয়েছে। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে মিসরের নৌযান অবস্থান নিয়েছে এবং দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে স্কাইগার্ড-অ্যামুনসহ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে।

সোমবার ফ্রান্স ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এই বিষয়টি নিশ্চিত করে জানান, ইরানের সঙ্গে উত্তেজনার জেরে সৌদি আরবে হামলার পর থেকেই মিসরের সামরিক উপস্থিতি শুরু হয় এবং বর্তমানে তা জোরদার করা হচ্ছে। গত ২৬ অক্টোবর মিসরের পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সহায়তা দেওয়ার প্রস্তাবটি অনুমোদিত হয়। তার আগে ১৭ অক্টোবর প্রেসিডেন্ট সিসি পার্লামেন্টের কাছে এই সহায়তার জন্য আহ্বান জানিয়েছিলেন। এক পক্ষ মনে করছে, সৌদি আরবের নিরাপত্তা, লোহিত সাগরের নৌপথ এবং সুয়েজ খালের স্বার্থে অভিযানে অংশ নেওয়া প্রয়োজন। অন্য পক্ষ ইয়েমেনে স্থলযুদ্ধে জড়ানোর বিরোধিতা করছে।

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চলমান অভিযানে মিসরের স্থলসেনা অংশ নেবে কি না, তা নিয়ে দেশটির সামরিক নেতৃত্বে মতবিরোধ রয়েছে। সামরিক সূত্রের মতে, বিমান ও নৌ অভিযানের মাধ্যমেই হুথিদের সক্ষমতা দুর্বল করা সম্ভব হলে স্থল অভিযান এড়ানো সম্ভব। ইয়েমেনের গৃহযুদ্ধে মিসরের অতীত তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে এই বিতর্ক তৈরি হয়েছে। ১৯৬২ সালে তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের আমলে ইয়েমেনে সেনা পাঠিয়েছিল মিসর, যেখানে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে বহু সেনার প্রাণহানি ঘটেছিল এবং ১৯৭০ সাল পর্যন্ত দেশটি থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়নি। আপাতত স্থল অভিযানের কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে। প্রয়োজনে পরবর্তী সময়ে বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে মিসরের স্থলসেনা অংশ নিতে পারে।

অন্যদিকে, সম্প্রতি মিসর ও সৌদি আরবের মধ্যে আর্থিক সম্পর্কের নতুন তথ্য প্রকাশ পেয়েছে। গত ৩০ অক্টোবর মিসরীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, দেশটির কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের গচ্ছিত ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার আমানতের মেয়াদ আরও এক বছর বাড়াতে সম্মত হয়েছে রিয়াদ। তবে এই আর্থিক সহায়তার সঙ্গে মিসরের সামরিক সিদ্ধান্তের কোনো সরাসরি যোগসূত্র পাওয়া যায়নি। এখন পর্যন্ত ইয়েমেনে স্থলবাহিনী পাঠানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কায়রো।