ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ১১ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি )আগামী ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ওরিয়েন্টেশন উদযাপন কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ১৬ নভেম্বর সকাল ১০:৩০ মিনিটে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫:০০ মিনিটে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. মো: মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: মামুন অর রশিদ।
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে মুখিয়ে আছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট সকলের আমন্ত্রণ জানিয়েছেন ওরিয়েন্টেশন উদযাপন কমিটির সদস্য সচিব এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আব্দুল আলিম বছির।