মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১১ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত উপজেলার লেবুখালী ও আংগারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লেবুখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কবির আকনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালান এসআই রুবেল আজাদ। এ সময় ৫৫ গ্রাম গাঁজাসহ রনি আকন (২২) ও রাব্বি হাসান (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই লেবুখালী গ্রামের বাসিন্দা।

একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে নিজাম মীরার বাড়ির সামনে অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ শওকত হাওলাদার (২০) ও হৃদয় হাওলাদার (২২) নামে আরও দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই এইচ এম সজল।

এ ছাড়া বুধবার রাত সাড়ে ১২টার দিকে লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের সাতানী-আঠারোগাছিয়া সড়কের মাথায় সুজন জোমাদ্দারের বাড়ির সামনে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাওহীদ তালুকদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এএসআই মোশারফ হোসেন।

পুলিশ জানায়, তিনটি অভিযানে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।