ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দাঁড়িয়ে থাকা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিং বা বগি সরানোর কাজ করার সময় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে একটি বগির কয়েকটি সিট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতিদিন ভোরে তিতাস কমিউটার ট্রেনটি আখাউড়া জংশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ঘটনার সময় রাতের শান্টিং চলার মুহূর্তে দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতর থেকে হঠাৎ আগুন জ্বলতে দেখেন। বিষয়টি আঁচ করতে পেরে তিনি দ্রুত রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত বগিটি কেটে আলাদা করে রাখা হয়েছে। এই দুর্ঘটনার কারণে বুধবার নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। এদিকে ঘটনার সতত্য নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আটক দুজন পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।