মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১০ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জামগড়া এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া এবং টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। টানা শ্রমিক অসন্তোষের মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চল।

এতে অন্তত দুই পোশাকশ্রমিক ও চারজন শিল্পপুলিশের সদস্য আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে দিনের বিভিন্ন সময়ে আশুলিয়ার অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আহতরা হলেন- আশুলিয়ার স্টারলিং স্টাইলস লিমিটেডের ফিনিশিং অপারেটর আলমগীর হোসেন (৩০) ও একই কারখানার সুইং অপারেটর রাজিয়া বেগম (৪০)। তাদের মধ্যে রাজিয়া বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে তারা বিক্ষোভ করেন। এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও তারা অবরোধ চালিয়ে যান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ধাওয়া দিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ কালবেলাকে বলেন, আহত দুই পোশাকশ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। রাজিয়া বেগমের আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছিলেন। তবে জামগড়ার রোজ ড্রেস কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান নিয়ে হইচই করেন। পরে তারা সেখান থেকে বের হয়ে দুটি কারখানায় এবং আশপাশের আরও কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কারখানাগুলো ছুটি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, সড়ক অবরোধকারীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করা হলেও তারা না সরায় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। কোনো রাবার বুলেট, শর্টগান কিংবা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। কেউ আহত হয়ে থাকলে ইটপাটকেলের আঘাতেই হয়েছেন। পরিস্থিতির কারণে দিনের বিভিন্ন সময়ে মাঝারি ও বড় ধরনের প্রায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, কিছু কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়েও কাজ করছেন না। পরে কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন। মালিকপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। বেতন বৃদ্ধির বিষয়ে মালিকেরা দ্রুত সুস্পষ্ট প্রস্তাব দিলে শ্রমিকদের মধ্যে তৈরি হওয়া সন্দেহ অনেকটাই দূর হতো।

তিনি অভিযোগ করেন, কিছু কারখানার মালিক শ্রমিকদের কাজ না করলে কারখানা বন্ধ করে দেওয়া এবং তাদের চাকরি হারানোর বিষয়ে কথা বলছেন। এতে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা ও অবিশ্বাস বাড়ছে। শ্রমিক-মালিকের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি করা না গেলে চলমান সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।