ঢাকা, ০৯ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক ও শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে প্রতিটি ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল—টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসার সুবিধা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, শ্রমিকদের জন্য নির্মিত এসব হাসপাতালের আলাদা নামকরণ করা হবে।

সংসদে দেশের জ্বালানি ও শিল্প খাতের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদ মানুষের স্বার্থে ব্যবহার করা হয়নি। সবকিছু আমদানিনির্ভর করে তোলার কারণে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, পরিকল্পিতভাবে এমন কিছু নীতি গ্রহণ করা হয়েছিল, যার ফলে দেশের শিল্প খাত প্রত্যাশিতভাবে বিকশিত হতে পারেনি।

স্বাস্থ্য খাতের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের চিকিৎসাব্যবস্থাকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। দেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের মানুষের ভোটে নির্বাচিত। তাই দেশের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সরকার কাজ করছে। দেশের মানুষের জন্য দেশেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।