রামগঞ্জ (লক্ষ্মীপুর), ০৯ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব মো. জহিরুল ইসলাম দলটির সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত কারণের বাইরে আরও কিছু বিষয় আছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জহিরুল ইসলাম এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
তবে কী কারণে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি। তবে এ বিষয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম কালবেলাকে বলেন, ব্যক্তিগত কারণের বাইরেও কিছু কারণ থাকে, যা আপনাকে পরে বলব।
সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের তথ্য ছড়িয়ে পড়লেও এর সত্যতা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এ বিষয়ে দলীয় কোনো লিখিত নির্দেশনা বা পত্র পাননি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মামুন হোসেন। তিনি জানান, বিষয়টি তাদের নজরে এসেছে ঠিকই, কিন্তু আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে ওই নেতা এখনো পদত্যাগের বিষয়ে কিছু জানাননি।