সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সফলভাবে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। রোববার (৮ নভেম্বর) ভোরে জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত করে ধ্বংস করে দেয়।

এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর পূর্বাঞ্চলের দাম্মাম, আবকাইক ও আল-আহসা শহরে জরুরি সতর্কসংকেত জারি করেছিল। ক্ষেপণাস্ত্র ধ্বংসের পরপরই কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হামলার আর কোনো ঝুঁকি নেই। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এর আগেও গোষ্ঠীটি সৌদি আরবের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে বিমান চলাচল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

উল্লেখ্য যে, ২০১৪ সাল থেকেই ইয়েমেনে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। সেই সময় হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশটির বড় একটি অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপরই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে টিকিয়ে রাখতে ২০১৫ সালে সৌদি জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। সেই থেকে দেশটিতে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে সামরিক লড়াই অব্যাহত রয়েছে।