ঢাকা, ০৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় পায়ে হেঁটে নেতৃত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকাল ৩টা ১৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নিয়ে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জনসভায় যোগ দেন।
শোভাযাত্রায় বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নিয়েছেন।
শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, সেনাবাহিনী, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসআরবি), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এদিন দুপুর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সমাবেশের মঞ্চ ও আশপাশের এলাকায় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় পরিকল্পনা অনুযায়ী, নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।