ঢাকা, ০৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান তিনি।
সেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ফাতেহা পাঠ করে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির প্রথম দিন আজ সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।