শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি কৃষিবিদ সিড ও ওয়েব কোটসের উত্তোলিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থাটি এই সংক্রান্ত দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তদন্ত কমিটিতে কৃষিবিদ সিডের বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব পেয়েছেন কমিশনের উপপরিচালক মওদুদ মোমেন ও সহকারী পরিচালক মোহাম্মদ রুমান হোসেন। অন্যদিকে, ওয়েব কোটসের আর্থিক কার্যক্রম পর্যালোচনার জন্য যুগ্ম পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সহকারী পরিচালক ফারহানা ওয়ালেজাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএসইসির নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, কিউআইওর মাধ্যমে কোম্পানি দুটি যে উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করেছিল, তা যথাযথ খাতে ব্যয় হয়েছে কি না তা তদন্ত দলকে যাচাই করতে হবে। এর পাশাপাশি কোম্পানিগুলোর দাখিল করা আর্থিক বিবরণী এবং বাস্তবে সম্পদ বা প্রকল্পের অস্তিত্ব ও কার্যক্রম সরেজমিনে পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, কিউআইওর অর্থ লেনদেনের সাথে যুক্ত সব ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শনাক্ত করার পাশাপাশি ব্যাংক হিসাবের বিস্তারিত লেনদেন পর্যালোচনা করতে হবে তদন্ত দলকে।
অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে দায়বদ্ধতা নির্ধারণের নির্দেশ দিয়েছে বিএসইসি। সেক্ষেত্রে কোম্পানির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা, কোম্পানি সচিব, নিরীক্ষক বা অন্য কোনো সংশ্লিষ্ট ব্যক্তির কার কী ভূমিকা ছিল, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে তা সিকিউরিটিজ আইন, বিধি বা নিয়ন্ত্রক সংস্থার কোন কোন নির্দেশনার পরিপন্থী হয়েছে, সেই বিষয়টিও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করতে হবে।