নওগাঁর ধামইরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিমন হোসেন (২১) নামের এক কলেজ শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন উপজেলার উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি চলতি বছর ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমাইতাড়া বাজার থেকে একটি ট্রাক ফার্শিপাড়া বাজারের দিকে যাচ্ছিল। একই সময় রিমন মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।