ঢাকা, ০৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): শ্রমিক আন্দোলনের আড়ালে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, এই আন্দোলনের পেছনে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে। মন্ত্রীর মতে, বর্তমান পরিস্থিতির সাথে শ্রমিকদের কোনো প্রকৃত সম্পৃক্ততা নেই। বুধবার (৪ নভেম্বর) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরিস্থিতি মোকাবিলায় সরকার অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সালাহউদ্দিন আহমদ জোর দিয়ে বলেন, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের জন্য ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং তারা তাদের কাজ শুরু করেছে। তাই এ মুহূর্তে কোনো প্রকার আন্দোলনের যৌক্তিকতা নেই।
শ্রমিকদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান যেন ব্যাহত না হয়, তা সবারই বিবেচনায় রাখা উচিত। মজুরি বোর্ডকে নির্ধারিত সময়ের আগেই সুপারিশ চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে, তবে এর আগেই তা ঘোষণা করা সম্ভব হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।