ঢাকা, ০৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার হওয়া ১৯ বছর বয়সী জেরিকা তাসনীম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দিশা চারদিনের রিমান্ডে ছিলেন।
তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে দিশা উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন। এছাড়া তারা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসেও সময় কাটিয়েছেন। মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গেও দিশাকে একটি মোটরসাইকেল গ্যারেজে দেখা গেছে এবং তাহসিফের সঙ্গে মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করার তথ্য পাওয়া গেছে। তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনায় ঘটনার আগে দিশার সঙ্গে একাধিকবার কথোপকথনের প্রমাণ মিলেছে। প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডে দিশার সরাসরি সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করা, অপরাধের স্থান নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারের জন্য দিশাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। বিশেষ করে মামলার অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মুখোমুখি যাচাই করার প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বেরিয়েছিলেন তাহসিফ। রাতে দেরি হওয়ায় মায়ের ফোন পেয়ে কিছুক্ষণের মধ্যে বাসায় ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের ফোন থেকে মেসেঞ্জারে একটি ভয়েস বার্তায় বলা হয়েছিল, ‘রওনা দিয়েছি, আসছি’। তবে এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করা হয়। ৩০ অক্টোবর রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় পুলিশ দীপকেও গ্রেফতার দেখিয়েছে। পরদিন ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।