বরিশাল, ০২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেছেন, ফ্যামিলি কার্ড একটি জনকল্যাণমূলক উদ্যোগ। তাই এর সুফল যেন প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য পরিবারগুলোর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা জরুরি। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় কোনো ধরনের অবহেলা, পক্ষপাতিত্ব কিংবা অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রতিটি পরিবারের আর্থসামাজিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে এই কর্মসূচির আওতায় মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বরিশাল জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার।

তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে খলিল আহমেদ বলেন, এই কর্মসূচির সফল বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে মাঠপর্যায়ের কর্মীদের ওপর। তাই কাজ করার সময় সততা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য। কারো প্রভাবের কাছে নতি স্বীকার না করে সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এছাড়া সংগৃহীত তথ্যের গোপনীয়তা রক্ষা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের প্রতিও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের মূল ভিত্তি হলো মাঠপর্যায়ের সঠিক তথ্য। সামান্য ভুল তথ্যের কারণে প্রকৃত উপকারভোগী বাদ পড়তে পারেন, যা অগ্রহণযোগ্য। তাই প্রতিটি তথ্য যাচাই করে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সহকারী পরিচালক জাবির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী ৩৬ জন তথ্য সংগ্রহকারীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে, যা ডিজিটাল পদ্ধতিতে তথ্য যাচাই ও সংরক্ষণে সহায়তা করবে।