পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসনে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোশাক খাতে অস্থিরতা অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত আমির। তিনি উল্লেখ করেন, বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। তিনি বলেন, মালিক বা শ্রমিক কেউই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের দাবি আদায় করতে পারবেন না। তার মতে, কোনো শ্রমিক এসব বিধ্বংসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারেন না।
ডা. শফিকুর রহমান আরও বলেন, কোনো কোনো মহল পরিস্থিতি উসকে দিয়ে পুরো পোশাকশিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এ ধরনের ধান্দাবাজদের মোকাবিলায় সরকারকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।