চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখে পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যে, আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর এই পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, ২৬ অক্টোবর ফল প্রকাশের সময় ও পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সম্বলিত আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও তা আর দেওয়া হয়নি।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে ফল প্রকাশের সময়সূচিতে এই জটিলতা তৈরি হয়েছে। সফরসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। ফলে ওই দিন সকালে ফল প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত শিক্ষামন্ত্রী সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
পরীক্ষার্থীরা কয়েকটি মাধ্যমে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবে। অনলাইনে ফলাফল পাওয়ার জন্য educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও নিজ বোর্ড নির্বাচন করে মার্কশিট ডাউনলোড করা সম্ভব। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে পুরো প্রতিষ্ঠানের ফলাফল একসঙ্গে সংগ্রহ করতে পারবে। পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ও মোবাইলের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। সেখান থেকে মার্কশিটও ডাউনলোড করা যাবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানার উপায় হলো—আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর, আবারও স্পেস দিয়ে ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এসএমএসের মাধ্যমে: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এখানে DHA-এর জায়গায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর এবং 123456-এর জায়গায় নিজের রোল নম্বর বসাতে হবে।
উল্লেখ্য, গত ২ জুলাই থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল। অধিকাংশ বোর্ডের লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা বিলম্বিত হয়। স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।