গফরগাঁও (ময়মনসিংহ), ৩০ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার বিকালে ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ইঞ্জিনসহ তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচ এম বাসার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল সাড়ে তিনটার দিকে গফরগাঁওয়ের মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বেলা ৩টা ২৫ মিনিটে গাজীপুরের কাওরাইদ স্টেশন ছেড়ে আসে। মশাখালী স্টেশনে পৌঁছানোর আগে চলন্ত অবস্থায় ট্রেনটির হুক ভেঙে ইঞ্জিনসহ তিনটি বগির সঙ্গে পেছনের অংশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।মানচিত্র দেখুন

মশাখালী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. মাসুম মিয়া বলেন, কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনটির হুক ভেঙে ইঞ্জিনসহ তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সংযোগ হুক মেরামতের কাজ করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মেরামতের কাজ শেষে বিকেল পাঁচটার দিকে ট্রেনটি আবার মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।সংবাদ সাবস্ক্রিপশন

এদিকে, ট্রেনটির বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ওই পথে চলাচলকারী অন্য ট্রেনগুলোও বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।