কাশিয়ানী (গোপালগঞ্জ), ২৮ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামের এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ইউনিয়নের মিল্টন বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত হামিম সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার ইলিয়াস মল্লিকের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই ফজলু মিয়া জানান, ঢাকা থেকে খুলনাগামী ‘দোলা পরিবহন’-এর একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হামিমের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে।