পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপকূলীয় এলাকা পার হওয়ার পর ঘূর্ণিঝড়টি এখন অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উপকূলের ওপর অবস্থান করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উপকূলীয় অঞ্চলে রয়েছে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়ে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর মেঘমালা তৈরি হচ্ছে, যা ঝোড়ো হাওয়ার আশঙ্কা বাড়িয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে সতর্ক করা হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।