বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমাগত পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এটি যেকোনো সময় ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিতে পারে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এবং উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্নসহ গুমোট আবহাওয়া বিরাজ করছে।

গভীর নিম্নচাপটির অবস্থান সম্পর্কে পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখী জানান, গত মধ্যরাতে এটি পায়রা ও মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কিলোমিটার, চট্টগ্রাম থেকে ৮৩০ কিলোমিটার এবং কক্সবাজার থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। সোমবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে সমুদ্রের ওই এলাকায় বেশ উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এই প্রতিকূল পরিস্থিতির কারণে দেশের সব সমুদ্র বন্দর অর্থাৎ পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলাকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।